ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ইচ্ছা করলে আমরা সরকারের গদি নড়িয়ে দিতে পারি : হেফাজত

আমাদের ওপর যে নির্যাতন ও নিপীড়ন চালানো হচ্ছে তার প্রতিবাদে আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লাখ লোকের সমাবেশ করতে পারতাম। ইচ্ছা করলে আমরা সরকারের গদি নড়িয়ে দিতে পারি। ইচ্ছা করলে হেফাজতে ইসলাম সরকারের গদি নাড়িয়ে দিতে পারি বলে মন্তব্য করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী-মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি ।


রোববার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হেফাজতে ইসলামের এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।রোববার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় ও সমাপনী বৈঠকে বক্তব্য দেয়ার সময় রয়্যাল রিসোর্টকাণ্ড নিয়ে কথা বলেন শেখ হাসিনা। রিসোর্টকাণ্ডের পর হেফাজত কর্মীদের বিভিন্ন এলাকায় উগ্র আচরণ, ভাঙচুরের বিষয়ে ক্ষোভ জানিয়ে সরকারপ্রধান বলেন, ধর্মের নামে তাদের অধর্মের কাজ করায় ইসলাম আজ হুমকির মুখে।


মামুনুল যে নারীকে নিয়ে গিয়েছিলেন, তিনি পার্লারের কর্মী জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউয়ের কাছে বলে যে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটি বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, এরকম মিথ্যা কথা, অসত্য কথা কি তারা বলতে পারে? তারা তো বলতে পারে না। তাইলে এরা কী ধর্ম পালন করে আর মানুষকে কী ধর্ম শেখাবে?’


সংসদে দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে সমালোচনা করেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী-মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি। রিসোর্টে মামুনুল হককে হেনস্তার প্রতিবাদ করে হেফাজতের এই নেতা বলেন, ‘মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। ভুল তথ্যের ওপর ভিত্তি করে তিনি এই বক্তব্য দিয়েছেন। আমরা আশা করব তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন।’


কোন স্বতী নারীকে অপবাদ দিয়ে একজন নারীর চরিত্র হরণ করা হয়েছে বলে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন সেখানে ক্ষমতাসীন দল বিশেষ করে ছাত্রলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে। তার নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব।’


সাখাওয়াত হোসেন রাজি বলেন, ‘আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় পাঁচ লক্ষ লোকের সমাবেশ করতে পারতাম। আমরা এ ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি।’


সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজত ইসলামের কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে এক নারীকে নিয়ে যাওয়ার পর ছাত্রলীগ, যুবলীগ আওয়ামী লীগের লোকজন হেফাজত নেতা মামুনুল হককে এক নারীসহ অবরুদ্ধ করে রাখে। সে সময় মামুনুল ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন। মামুনুলকে অবরুদ্ধ করার খবর জানার পরই তার সমর্থকরা রিসোর্টটিতে হামলা চালিয়ে মামুনুলকে উদ্ধার করে নিয়ে যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑